Logo
| রবিবার, ৩০ আগস্ট ২০২৬

রাজধানী

মিরপুরে জলাবদ্ধতা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ

রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল সংলগ্ন এলাকায় বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর প্রবল বৃষ্টির পর তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং দ্রুত জমে থাকা পানি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ দেন।

পরিদর্শনের সময় প্রশাসক নিজেই পানির মধ্যে নেমে ড্রেন ও পানি নিষ্কাশন নালার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় দোকানদারদের ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে জলাবদ্ধতা কমানো সম্ভব হয়।

পরে তিনি মিরপুর-১২ এলাকার ৬ নম্বর কাঁচাবাজার পরিদর্শন করে অপরিচ্ছন্ন পরিবেশ ও যত্রতত্র ফেলে রাখা বর্জ্য দেখে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় দোকানদার, বাজার কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন।

এছাড়া ডিএনসিসির জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরিদর্শনকালে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।