সর্বশেষ
সব ক্যাটাগরি

অর্থনীতি

ফের চাঙ্গা সঞ্চয়পত্র বিক্রি, এপ্রিলেই নিট বিক্রি ২ হাজার ২৬০ কোটি টাকা

টানা দুই মাস নেতিবাচক অবস্থায় থাকার পর জাতীয় সঞ্চয়পত্র বিক্রিতে আবারও ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছে ২ হাজার ২৬০ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ, এ মাসে নতুন সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ আগের আসল ও সুদ পরিশোধের চেয়ে বেশি ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, মার্চ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি ছিল ঋণাত্মক ২ হাজার ১৩৫ কোটি ৮ লাখ টাকা। এর আগে ফেব্রুয়ারিতেও নিট বিক্রি ঋণাত্মক ছিল ১ হাজার ১৬৪ কোটি ৭৬ লাখ টাকা। তবে জানুয়ারিতে নিট বিক্রি ইতিবাচক হয়ে দাঁড়িয়েছিল ১ হাজার ৮৫১ কোটি টাকা। ফলে ফেব্রুয়ারি ও মার্চের পতনের পর এপ্রিলে আবারও ঘুরে দাঁড়াল সঞ্চয়পত্র বিক্রি।

গত অর্থবছরের একই সময়ের তুলনায়ও উন্নতি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিলে সঞ্চয়পত্রের নিট বিক্রি ছিল ১ হাজার ২৫৯ কোটি ৭৫ লাখ টাকা। সে তুলনায় চলতি অর্থবছরের এপ্রিলে নিট বিক্রি প্রায় ১ হাজার কোটি টাকা বেড়েছে।

তবে এক মাসের এই ইতিবাচক প্রবণতা সত্ত্বেও পুরো অর্থবছরের চিত্র এখনও পুরোপুরি আশাব্যঞ্জক নয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) সঞ্চয়পত্রের নিট বিক্রি এখনও ঋণাত্মক ৪২৯ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ, এ সময়ে নতুন বিক্রির তুলনায় আগের আসল ও সুদ বাবদ বেশি অর্থ পরিশোধ করতে হয়েছে।

তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে নিট বিক্রি ঋণাত্মক ছিল ৭ হাজার ৪৩১ কোটি ২৬ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য আরও বলছে, ২০২৪-২৫ অর্থবছর শেষে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক ছিল ৬ হাজার ৬৩ কোটি টাকা। আর ২০২৩-২৪ অর্থবছরে এই ঘাটতি ছিল ২১ হাজার ১২৪ কোটি ৩৮ লাখ টাকা, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, এপ্রিলের ইতিবাচক প্রবণতা সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বাড়ার ইঙ্গিত দিলেও, পুরো অর্থবছরের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী মাসগুলোর বিক্রির প্রবণতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।