Logo
| সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বিনোদন

সহকারী ম্যানেজারের গ্রেফতার নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সংগৃহীত ছবি

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্য ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর বিষয়টি নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। তিনি স্পষ্ট করেছেন, অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার কোনো ব্যক্তিগত বা পেশাগত সমর্থন নেই এবং ভবিষ্যতে অর্ঘ্যের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রোববার (১২ জুলাই) হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে অর্ঘ্যকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, গত ১২ এপ্রিল কর্মসূত্রে তার বাড়িতে যাওয়া এক নারী সহকর্মীকে তিনি ধর্ষণ করেন। পরে ১২ জুন ভুক্তভোগী চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ তাকে আটক করে। আদালতে হাজির করা হলে অর্ঘ্যকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়।

ঘটনার পর ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে শ্রাবন্তী জানান, ২০২৪ সাল থেকে ‘ট্যালেন্টওয়ালা’ নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অর্ঘ্য তার সঙ্গে কাজ করতেন। তবে সম্প্রতি তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ জানতে পেরে তিনি বিস্মিত ও মর্মাহত হয়েছেন।

অভিনেত্রীর ভাষ্য, অর্ঘ্যের ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকে জানিয়ে দিয়েছেন যে, ভবিষ্যতে অর্ঘ্যের সঙ্গে তিনি আর কোনোভাবেই কাজ করবেন না।

এদিকে পুলিশ জানিয়েছে, অর্ঘ্যের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।