ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৩২৯ জন
নিজস্ব প্রতিবেদক |
১৪ জুলাই, ২০২৬ ১১:১৬ : অপরাহ্ণ
দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৯ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে পৌঁছেছে।
এদিকে নতুন আক্রান্তদের যুক্ত হওয়ায় ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৯৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।