Logo
| রবিবার, ৩০ আগস্ট ২০২৬

ফিফা বিশ্বকাপ

জার্মানিকে হারিয়ে ইতিহাস, প্যারাগুয়েতে মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে নাটকীয় লড়াইয়ে হারিয়ে ইতিহাস গড়েছে প্যারাগুয়ে। এই অবিস্মরণীয় জয় ও বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার আনন্দে মঙ্গলবার (১ জুলাই) সারাদেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

সোমবার রাতে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক এই সাফল্য উদযাপনের সুযোগ করে দিতেই বিশেষ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দেশের মানুষ একসঙ্গে বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে পারেন।

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট শেষে ১-১ গোলে সমতা ছিল। পরে রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের এই আসরের শেষ ষোলো নিশ্চিত করে প্যারাগুয়ে। শেষ শটটি জালে জড়াতেই স্টেডিয়ামজুড়ে উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা, আর রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে শুরু হয় বিজয় মিছিল, উৎসব আর উদযাপন।

কোচ গুস্তাভো আলফারোর অধীনে দুর্দান্ত ছন্দে থাকা প্যারাগুয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল দল জার্মানিকে বিদায় করে টুর্নামেন্টের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি উপহার দিয়েছে। দেশটির ক্রীড়া বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি ম্যাচ জয় নয়, বরং প্যারাগুয়ের ফুটবল ইতিহাসের অন্যতম গৌরবময় অধ্যায়।

সরকার আরও জানিয়েছে, দেশটির বিদ্যমান আইন অনুযায়ী প্রেসিডেন্ট প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করতে পারেন। সেই সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেই জাতীয় দলের এই ঐতিহাসিক অর্জনকে সম্মান জানাতে মঙ্গলবারের বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

সূত্র: গার্ডিয়ান