ট্রাম্পের সমর্থন ইংল্যান্ডের প্রতি, বিশ্বকাপ জয়ের আশা প্রকাশ
স্পোর্টস ডেস্ক |
১৩ জুলাই, ২০২৬ ৯:২৯ : অপরাহ্ণ
সংগৃহীত ছবি
বিশ্বকাপের সেমিফাইনাল শুরুর আগেই ইংল্যান্ডের প্রতি সমর্থন জানিয়ে আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর এবার তিনি ইংল্যান্ডকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন।
আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচের আগে হোয়াইট হাউসের বিশেষ সহকারী এবং যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ-সংক্রান্ত টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে জানান, যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিততে না পারলে ট্রাম্প চান ইংল্যান্ডই শিরোপা জিতুক।
জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের বছরে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের গল্পটি বিশেষ তাৎপর্যপূর্ণ হবে। তিনি আরও উল্লেখ করেন, ১৯৬৬ সালের পর বড় কোনো শিরোপা না জেতা ইংল্যান্ড এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পারে।
ট্রাম্প ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের বড় ভক্ত বলেও জানান জুলিয়ানি। তার ভাষ্য, প্রেসিডেন্ট সম্প্রতি ট্রুথ সোশ্যালে কেইনকে ‘দারুণ খেলোয়াড়’ ও ‘অসাধারণ মানুষ’ বলে প্রশংসা করেছেন এবং তার পারফরম্যান্স নিয়মিত অনুসরণ করছেন।
জুলিয়ানি মনে করেন, ইংল্যান্ডের সম্ভাব্য বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় ভরসা হ্যারি কেইন। পাশাপাশি জুড বেলিংহামেরও প্রশংসা করে তিনি বলেন, ইংল্যান্ডের দলটি ভারসাম্যপূর্ণ এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে শিরোপা জয়ের সামর্থ্য তাদের রয়েছে।