সর্বশেষ
সব ক্যাটাগরি

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা আইআরজিসির, যুক্তরাষ্ট্রকে দায়ী

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজ। ফাইল ছবি: এএফপি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বাহিনীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘হস্তক্ষেপ’ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে এ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না।

রোববার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, বিদেশি হস্তক্ষেপ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ‘অবৈধ রুট’ নির্ধারণের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে তারা আগেই সতর্ক করেছিল। তাদের ভাষ্য, কয়েক ঘণ্টা আগে বিদেশিদের প্ররোচনায় কয়েকটি জাহাজ অনুমোদিত নৌপথ এড়িয়ে চলার চেষ্টা করে। বারবার সতর্ক করার পরও তারা নির্ধারিত রুটে ফিরে না আসায় সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে একটি জাহাজকে সতর্কতামূলক গুলি করে থামানো হয়।

এর পর আইআরজিসি জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ অব্যাহত থাকা পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার অজুহাতে ইরানের প্রতিপক্ষ নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেওয়া হবে। পাশাপাশি অঞ্চলে থাকা প্রতিপক্ষের নতুন সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

আইআরজিসি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টির অভিযোগ তুলে সম্ভাব্য যেকোনো পরিণতির দায় তাদের ওপরই বর্তাবে বলে দাবি করেছে।

বাহিনীটির দাবি, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে শত্রুপক্ষ ও তাদের মিত্রদের জন্য বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। পরে মে মাসে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে নতুন ব্যবস্থা চালু করে ইরান, যার আওতায় তেহরানের নির্ধারিত তদারকি অঞ্চলের বাইরে চলাচল না করা এবং ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়।

এদিকে আইআরজিসি আরও দাবি করেছে, জুনে ইরান ও যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে একটি সমঝোতায় পৌঁছালেও ওয়াশিংটন এখনো হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।

উল্লেখ্য, আইআরজিসির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো স্বাধীন আন্তর্জাতিক সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সূত্র:তাসনিম