মঙ্গলবার, ২৬ মে ২০২৬
১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়ন

দেশে প্রথম ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে

উত্তরা-মতিঝিল মেট্রোরেল (এমআরটি লাইন-৬) চালুর মধ্য দিয়ে ২০২২ সালেই বিদ্যুচ্চালিত রেলের যুগে প্রবেশ করে বাংলাদেশ। এবার মূল রেলপথেও ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পরিকল্পনা অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত ৫২ কিলোমিটার রেলপথে স্থাপন করা হবে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম, যার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ পাবে ট্রেন। এ উদ্দেশ্যে নির্মাণ করা হবে দুটি সাবস্টেশন। একই সঙ্গে কেনা হবে ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন। ইএমইউগুলোর রক্ষণাবেক্ষণের জন্য জয়দেবপুরে নির্মাণ হবে একটি আধুনিক ওয়ার্কশপ। সূত্র- বণিক বার্তা

পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৯৩৩ কোটি ৪৬ লাখ টাকা। অর্থায়নে আগ্রহ দেখিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। এরই মধ্যে প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাবও (ডিপিপি) প্রস্তুত করেছে রেলওয়ে। সংস্থাটির কর্মকর্তাদের আশা, ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি একনেকে তোলা হবে। অনুমোদন মিললে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত সময় ধরে বাস্তবায়ন করা হবে বিদ্যুচ্চালিত রেলপথ নির্মাণের এ প্রকল্প।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুচ্চালিত এ রেলপথে কমিউটার ট্রেন চালানো হবে। দুই প্রান্ত থেকে প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন ছেড়ে যাবে। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন দুই লাখ যাত্রী পরিবহনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, পুরো ব্যয়ের প্রায় অর্ধেকই যাবে ইএমইউ ট্রেন কেনার পেছনে। প্রাথমিক হিসাব অনুযায়ী, ১৬ সেট ইএমইউ ট্রেন সংগ্রহে লাগবে ১ হাজার ৭৭৬ কোটি টাকা। অর্থাৎ প্রতিটি ট্রেনের জন্য ব্যয় ধরা হয়েছে ১১১ কোটি টাকা। প্রতিটি ট্রেনে থাকবে পাঁচটি কোচ এবং প্রতি সেটে সর্বোচ্চ দেড় হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে।