বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ দুপুরে, এসএমএস ও অনলাইনে যেভাবে জানবেন ফলাফল

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষা, নীতিগত বিতর্ক এবং একাধিক দফা স্থগিতের পর অবশেষে আজ (রোববার) দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। ফল ঘোষণা উপলক্ষে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে যৌথ প্রেস ব্রিফিং করবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ফল প্রকাশের পর দেশের হাজারো শিক্ষার্থী ও অভিভাবক এসএমএস, অনলাইন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন।

এসএমএসে যেভাবে জানবেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। এরপর মেসেজটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ:
DPE 123456 → পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

ফিরতি এসএমএসে শিক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে যেভাবে দেখবেন ফল

বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের IPEMIS ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।

কেন বিলম্ব হলো ফল প্রকাশে?

প্রাথমিকভাবে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়। এর আগে নীতিমালা-সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং ফল প্রস্তুতিতে বিলম্বের কারণে প্রকাশের সময়সূচি একাধিকবার পরিবর্তন করা হয়।

এর মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার ফল অনলাইনে প্রকাশ হয়ে যাওয়ার ঘটনায় নতুন বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রাথমিকভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও পরে তা ঈদুল ফিতরের আগে, ঈদের পরে, জুন মাস এবং সর্বশেষ ৯ জুলাই নির্ধারণ করা হয়। তবে শেষ মুহূর্তে আগাম ফল প্রকাশের ঘটনায় সেটিও স্থগিত করা হয়।

সব জটিলতা ও বিতর্কের অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। ফলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে সারা দেশের শিক্ষার্থী ও অভিভাবকদের।