সর্বশেষ
সব ক্যাটাগরি

শিক্ষা

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

ছবি- সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

ফলাফল অনুযায়ী, এবার মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন। তাদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৬ হাজার ৫৯০ জন শিক্ষার্থী রয়েছে।

অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী রয়েছে।

মোট বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫.২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪.৭১ শতাংশ)।

ফল ঘোষণা শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন জানান, ফলাফল ওয়েবসাইটে আপলোডের কাজ শুরু হয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। এরপর পর্যায়ক্রমে জেলা ও উপজেলা ভিত্তিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনলাইনে দেখা যাবে।

এদিকে টেলিটক জানিয়েছে, এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এতে ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।