চট্টগ্রামের পর এবার ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী-অভিভাবকরা
নিজস্ব প্রতিবেদক |
১২ জুলাই, ২০২৬ ১:২৭ : অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে টানা ভারি বৃষ্টি ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে সোমবারের (১৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি তুলেছেন ঢাকা শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ও অভিভাবকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ দাবির পক্ষে ব্যাপক আলোচনা চলছে।
চলমান বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার এইচএসসি পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই পরিস্থিতিতে ঢাকা বোর্ডের পরীক্ষাও স্থগিতের দাবি জোরালো হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকায় অনেকের জন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফেসবুকে মোস্তফা সানি নামে এক পরীক্ষার্থী লিখেছেন, “ঢাকায় যদি এমন পরিস্থিতি হয়, তাহলে দেশের অন্যান্য জেলার অবস্থাও খারাপ। শুধু চট্টগ্রাম নয়, সব বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত করা উচিত।”
আরেক শিক্ষার্থী মাসুম সরকার লিখেছেন, “জলাবদ্ধতার কারণে কেন্দ্রে পৌঁছানোই দায়। লাখো শিক্ষার্থীর কথা বিবেচনা করে সোমবারের পরীক্ষা স্থগিত করা প্রয়োজন।”
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি ঢাকা শিক্ষা বোর্ড। সোমবারের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে বোর্ডের ঘোষণার অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।