ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে বিজিবির ২৩ টিম মোতায়েন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে দেশের বিভিন্ন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ টোলপ্লাজায় ২৩টি টিম মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন যানজটপ্রবণ এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কপথে এসব টিম দায়িত্ব পালন করছে। এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় ৪টি, পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোলপ্লাজা এলাকায় ৬টি এবং মেঘনা সেতু, পঞ্চবটি সেতু, কাঞ্চন সেতু, মোগড়াপাড়া ও মদনপুর মোড়/কাঁচপুর এলাকায় ৪টি টিম মোতায়েন রয়েছে।
এ ছাড়া গাজীপুর চৌরাস্তা এলাকায় ১টি, যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে ২টি, চট্টগ্রামের শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকায় ১টি, খুলনার রূপসা খান জাহান আলী সেতু এলাকায় ১টি, কিশোরগঞ্জের ভৈরব সেতু এলাকায় ১টি, লালন শাহ সেতুর কুষ্টিয়া ও পাবনা প্রান্তে ২টি এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোলপ্লাজা এলাকায় ১টি টিম কাজ করছে।
বিজিবি জানায়, গত ২১ মে থেকে সদস্যরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন, শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন। ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।